আপনার ইমেইলে যদি অনেক ইমেইল আসে বা আপনি যদি দেরিতে ইনবক্স চেক করেন, তাহলে হয়তো আপনাকে প্রায়ই দ্বিধাগ্রস্থ হয়ে পড়তে হয়। বিশেষ করে বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে প্রায়ই আপনি হয়তো অসংখ্য ইমেইল নিয়ে বিড়ম্বনায় পড়েন। উদাহরণস্বরূপ, আপনার যদি কয়েকটি ওয়ার্ডপ্রেস ব্লগ, ফেসবুকে একাউন্ট, হাইফাইভে একাউন্টসহ ইত্যাদি আরো অনেকগুলো একাউন্ট থাকে, তাহলে আপনি হয়তো ব্যস্ততার কারণে সবগুলো একাউন্ট চেক করতে পারেন না। এসব ওয়েবসাইটগুলোর প্রায়ই সবগুলোই আপনার যেকোন আপডেট ইমেইলের মাধ্যমে প্রেরণ করে থাকে। ইচ্ছে করলে আপনি এই ইমেইল প্রেরণ বন্ধ করে রাখতে পারেন। কিন্তু তাহলে তো আপনার ব্লগ, ফেসবুক, হাইফাইভে ইত্যাদিতে কী ঘটছে তা জানার জন্য আপনাকে প্রচুর সময় খরচ করতে হবে। আর যদি সম্ভব না হয়, তাহলে হয়তোবা আপনি ইমেইল এনাবল করে রাখলেন। তারপর অসংখ্য ইমেইল দেখে মেজাজ খারাপ হওয়া অস্বাভাবিক কিছু না।
কিন্তু চাইলেই আপনি আপনার ইচ্ছেমতো ইনকামিং ইমেইলগুলোকে ফিল্টার করে লেবেলের মধ্যে রাখতে পারেন। এতে করে আপনার ফেসবুক থেকে আসা ইমেইলগুলো ফেসবুক লেবেলে, ব্লগ থেকে আসা ইমেইলগুলো ব্লগ লেবেলে এভাবে নিজের ইচ্ছেমতো লেবেল তৈরি করে ইমেইল ফিল্টার তৈরি করে জটিলতা ও বিড়ম্বনার হাত থেকে রেহাই পেতে পারেন। আসুন জেনে নিই কীভাবে আপনি আপনার জিমেইলের জন্য মেইল ফিল্টারকরণ অ্যাক্টিভেট করতে পারেন এবং কীভাবে সেগুলো লেবেলের আওতায় আনতে পারেন।
প্রথমে আপনার জিমেইলে লগ ইন করে সার্চ বক্সের নিচ থেকে create a filter লেখাটির উপর ক্লিক করুন। ফিল্টার তৈরি করার জন্য অপশন পাবেন। এখানে আপনাকে from, to. subject ইত্যাদি তথ্য প্রদান করতে হবে সঠিক ফিল্টারিংয়ের জন্য। ফিল্টারিংকে আরো সূক্ষ্ম করার জন্য আপনি has the word বক্সে ইমেইলে অন্তর্ভূক্ত যেকোন শব্দ এবং doesn't have বক্সে ইমেইলে নেই এমন যেকোন শব্দ দিতে পারেন। এতে করে জিমেইলের শক্তিশালি সার্চ ইঞ্জিন একেবারে সঠিক ইমেইলটাকে ফিল্টার করতে পারে। আরো সুবিধার জন্য has attachment এর ঘরে টিক দিতে পারেন যদি আপনি অ্যাটাচমেন্ট সমৃদ্ধ ইমেইলকে ফিল্টার করতে চান। আর যদি আপনার কাঙ্খিত ইমেইলটিতে অ্যাটাচমেন্ট ফাইল না থাকে, তাহলে এই বক্সে টিক দেবার প্রয়োজন নেই।
এবার test search বাটনে ক্লিক করুন। আপনার ইনবক্সে ইতিমধ্যেই আসা ইমেইলগুলোর মধ্যে প্রদত্ত তথ্যের সঙ্গে মিলে যায় এমন ইমেইলগুলোকে ফিল্টার করবে জিমেইল। যদি ফিল্টার নির্ভুল থাকে, তাহলে next step বাটনে ক্লিক করুন।
এবার আপনাকে ফিল্টারকৃত ইমেইলগুলোকে কী করা হবে তা জিজ্ঞেস করা হবে। এখান থেকে আপনি আগামীতে আসা ফিল্টারকৃত ইমেইলগুলোকে ইনবক্সে রাখবেন কি না, অন্য কোন ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিতে পারবেন, মুছে দেয়াসহ বেশকিছু অ্যাকশন নিতে পারবেন। যেহেতু আমরা ফিল্টার করে লেবেলের টিপস জানতে চাচ্ছি, সেহেতু আপনি apply the label এর ঘরে টিকচিহ্ন দিন। Choose label ড্রপডাউন ম্যেনু থেকে new label এ ক্লিক করে আপনার এই ফিল্টারকৃত ইমেইলগুলোকে যেই লেবেলে রাখতে চান, সেই লেবেলের নাম লিখুন। তারপর সেই লেবেল সিলেক্ট করুন।
লক্ষ্য করুন, আপনি চাইলে আগত মেইলগুলোকে সরাসরি লেবেলে পাঠিয়ে ইনবক্সের বাইরে রাখতে পারেন। এক্ষেত্রে skip the inbox চেকবক্সটি খালি রাখুন।
কাজ শেষ হলে create filter এ ক্লিক করুন। আপনি ইচ্ছে করলে ইতিমধ্যেই আসা ইমেইলগুলোকে ইনবক্স থেকে সরিয়ে লেবেলে প্রেরণ করতে পারেন। সেক্ষেত্রে ক্রিয়েট ফিল্টার বাটনে ক্লিক করার আগে তার ডানপাশে অবস্থিত চেকবক্সটিতে চেক দিয়ে নিন।
এর পর থেকে প্রদত্ত তথ্যের সঙ্গে মিলে যায় এমন যতগুলো ইমেইল আসবে, সবগুলোকেই ফিল্টার করে দ্বিতীয় পর্যায়ে আপনি যেসব অ্যাকশন সিলেক্ট করেছেন, সেসব অ্যাকশন নেয়া হবে। উদাহরণস্বরূপ, লেবেলে প্রেরণ করা হবে।