নতুন পণ্য আর বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের সাথে মূল্য ছাড় ও বিভিন্ন পুরস্কার দেয়ার প্রতিযোগিতায় মুখরিত ছিল গতকালের সিটি আইটি মেলা প্রাঙ্গণ। বিভিন্ন পণ্যের অফার আর উপহারের ছড়াছড়ির মধ্য দিয়েই দেশের সর্ববৃহৎ কম্পিউটার বাজার সিটি আইটি মেলা ২০১০-এর চতুর্থ দিন গেল। নবমবারের মতো চলতে থাকা মেলায় চতুর্থ দিনেও ছিলো দর্শকদের ভিড়। ৩০শে জানুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে ১৫৭টি প্রতিষ্ঠান। এছাড়াও আরো ৩০টি প্রতিষ্ঠানকে মেলার বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। মেলা বিভিন্ন রকম পণ্যের ক্ষেত্রে সুবিধা দিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। রেডিয়েন্স কম্পিউটার বিভিন্ন ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের সাথে দিচ্ছে টি-শার্ট, নগদ ছাড়, মালয়েশিয়া ভ্রমণের টিকেট, গিফট ভাউচার, ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট, মোবাইল ফোন সহ নানা উপহার। এছাড়া প্রতিষ্ঠানটি আসুসের বিভিন্ন পণ্যের ক্ষেত্রেও দিচ্ছে বিশেষ মূল্যছাড় এবং মাত্র ১৬ হাজার ৫০০ টাকায় দিচ্ছে পূর্ণাঙ্গ ডেস্কটপ কম্পিউটার। মাইক্রোডিল কম্পিউটারসে ভিডিও রেকর্ড করার উপযোগী সানগ্লাস, ঘড়ি, টাই, কলম, চাবির রিং ইত্যাদি কিনলে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে। এগুলোতে মেমোরি কার্ড ব্যবহার করে ভিডিও রেকর্ড করা যাবে।
এদিকে কম্পিউটার ভিলেজ লেনোভো ল্যাপটপের সাথে ইন্টারনেট মডেম ফ্রি দিচ্ছে। টেকনোএজ কর্পোরেশন বিভিন্ন পণ্যের সাথে দিচ্ছে ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-নেপাল-ঢাকার এয়ার টিকেট। গতকাল পণ্য কিনে ঢাকা-কলকতা-ঢাকা টিকেট জিতে নিয়েছেন এক ক্রেতা।
মেলায় কিউবি তাদের ওয়্যাইম্যাক্স ইন্টারনেট মডেম কিনলে এক হাজার টাকা ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছেন কিউবি কর্তৃপক্ষ। এছাড়াও দর্শনার্থীরা বিনামূল্যে কিউবির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মেলার বিভিন্ন ফ্লোরে। উল্লেখ্য, ১ লক্ষ ২৫ হাজার বর্গফুটের পুরো মেলা প্রাঙ্গণ মেলা উপলক্ষে কিউবির ওয়াইম্যাক্স নেটওয়ার্কের আওতায় থাকছে।
মেলা উপলক্ষে তৃতীয় দিন সন্ধ্যায় মেলার কেন্দ্রীয় মঞ্চে গুণীজন এশিয়াটিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসের সাবেক সভাপতি রোকনুর রহমান ও বর্তমান সভাপতি মজিবুর রহমান স্বপন সহ আরো অনেকে। অনুষ্ঠানে অভিনেতা ফজলুর রহমান বাবুকেও সংবর্ধনা দেয়া হয়।
গতকাল চতুর্থ দিনেও দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ ছিল জমজমাট। এছাড়া মেলার কেন্দ্রীয় মঞ্চে প্রতিদিন স্পন্সর প্রতিষ্ঠানের কুইজ সহ বিভিন্ন অনুষ্ঠান থাকছে। আগামীকাল ১লা ফেব্রুয়ারি মেলার পঞ্চম দিনে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন ও অভিনেতা নাদিয়াকে সংবর্ধনা দেয়ার কথা রয়েছে।
বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত সিটিআইটি মেলা ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকছে। টিকেট মূল্য ১০ টাকা। তবে প্রতিবন্ধী ও স্কুল ছাত্রদের জন্য মেলায় বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে।