
বহুল প্রতীক্ষিত দ্রুতগতির ইন্টারনেট সেবা ওয়াইম্যাক্সের যাত্রা অবশেষে শুরু হলো বাংলাদেশে। প্রথমবারের মতো বাংলাদেশে এ উন্নত সেবা নিয়ে এলো কিউবি। গত ২১শে অক্টোবর বুধবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কিউবি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ২০০৮ সালে বেশ কিছু প্রতিষ্ঠানকে বাংলাদেশে ওয়াইম্যাক্স সেবা প্রদানের লাইসেন্স দেয়। এদের মধ্যে কিউবি প্রথম এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে।
কিউবির পরিচালনা প্রতিষ্ঠান এবিএল এর প্রধান বিপণন কর্মকর্তা রাসেল টি আহমেদ কিউবির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কেক কেটে বাংলাদেশে কিউবির যাত্রার শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, "প্রাথমিক পর্যায়ে ওয়াইম্যাক্স সেবা প্রদান করা হবে শুধুমাত্র রাজধানীর গুলশান, বনানী, মিরপুর, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা এবং উত্তরা আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্রাহকদের।" তবে অচিরেই কিউবির সেবা সারা বাংলাদেশে সহজলভ্য হবে বলে জানান তিনি।
সেবা
অনুষ্ঠানের ওয়াইম্যাক্সের যাত্রা শুরুর সময় কিউবির সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানো হয়। প্রাথমিক পর্যায়ে ভিন্ন দু'টি প্যাকেজে ওয়াইম্যাক্স সেবা দিচ্ছে কিউবি। এর একটি প্রতি সেকেণ্ডে ৬৪ কিলোবাইট ডাটা ট্রান্সফারের ক্ষমতা সম্পন্ন যার জন্য প্রতি মাসে ৩,৪০০ টাকা দিতে হবে। এছাড়াও ডাটা ট্রান্সফার বা ডাউনলোড ৬ গিগাবাইট পর্যন্ত সীমিত। এই সীমা অতিক্রম করলে প্রতি মেগাবাইটে ১৫ পয়সা করে অতিরিক্ত চার্জ দিতে হবে।
অন্যদিকে ব্যবসা-প্রতিষ্ঠানের জন্য বা কর্পোরেট আকারে আরেকটি প্যাকেজ রয়েছে যা প্রতি সেকেণ্ডে ১২৮ কিলোবাইট ডাটা ট্রান্সফার/ডাউনলোড করার গতি সম্পন্ন। এর মাসিক চার্জ ৬,২০০ টাকা এবং ডাটা ট্রান্সফার/ডাউনলোড সীমা ৯ গিগাবাইট। এরপর যথারীতি ১৫ পয়সা/মেগাবাইট চার্জ যুক্ত হবে।
ওয়াইম্যাক্স সংযোগ কার্যকর করতে গ্রাহককে ৭,০০০ টাকা মূল্যের ওয়াইম্যাক্স মডেম ক্রয় করতে হবে। প্রথম মাসে সংযোগ গ্রহণের জন্য বাড়তি কোনো চার্জ নেয়া হবে না।
তবে এবিএল আয়োজিত সংবাদ সম্মেলনে খুব শীঘ্রি বিভিন্ন অফারের মাধ্যমে কিউবির ওয়াইম্যাক্স ব্যবহারের খরচ কমানো হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।
তারহীন ওয়াইম্যাক্স প্রযুক্তি বাংলাদেশের অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারীর বহুদিনের স্বপ্ন। কিউবির মাধ্যমে কোটি মানুষের সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ সম্পন্ন হলো। তবে, ওয়াইম্যাক্স ব্যবহারের খরচ সাধারণ মানুষের হাতের নাগালে আসার আগ পর্যন্ত বাংলাদেশে ওয়াইম্যাক্স সেবা প্রদান করার সুফল পাওয়া যাবে না বলে মনে করেন অনেকে।