ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের মানুষ হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করাই হবে আজকের নতুন প্রজন্মের অঙ্গীকার
-সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিমেস্টার জট নিরসনের মাধ্যমে সিমেস্টার-১ (জানুয়ারী-জুন-২০০৯) এর শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে সিমেস্টার সমাপন করে লেভেল-১, সিমেস্টার-২ (জুলাই-ডিসেম্বর’-২০০৯) এ সফলভাবে উন্নীত হওয়ায় সিমেস্টার সমাপনী এবং ছয়টি অনুষদের লেভেল-১, সিমেস্টার-২ এর ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান গত রবিবার শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেন্ট সদস্য অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের মানুষ হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করাই হবে আজকের নতুন প্রজন্মের অঙ্গীকার। সুশৃঙ্খল-জ্ঞান চর্চায় শিক্ষার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম.এ. সাত্তার মন্ডল বলেন, আজকের এই শিক্ষার্থীবৃন্দ সময়মতো সাফল্যের সাথে তাদের শিক্ষা কার্যক্রম শেষ করতে পারলে তাদের যথাযথ কর্ম-নিয়োজনের ব্যাপারে সর্বশক্তি নিয়োগ করা হবে। ৬টি অনুষদের সকল সিমেস্টার একত্রে শুরু করে সেশন জট নিরসনের মধ্য দিয়ে একই সময়ে শেষ করার ও একসাথে ব্যাপক পরিসরে একটি শিক্ষা সমাপনী উৎসব আয়োজনের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সিমেস্টার জট মুক্তির এ বিজয় অর্জনই চূড়ান্ত কথা নয়, বিজয় ধরে রাখার জন্য জ্ঞান চর্চার পাশাপাশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, কঠোর অধ্যবসায়, সততা, ন্যায়পরায়নতা ও নৈতিকতার অনুশীলন অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদীয় ডীন যথাক্রমে ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন মন্ডল, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ আবদুল করিম, পশুপালন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আলী আকবর, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর তোফাজ্জল হোসেন মিয়া, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বোরহান উদ্দিন এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে প্রথম সিমেস্টার সমাপনী-২০০৯ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ বাহাদুর মিঞা, বিশ্ববিদ্যালয় প্রোক্টর প্রফেসর ড. মোহাম্মদ শামসুদ্দীন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব ড. এ.কে.এম জাকির হোসেন, ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী সোনালী দল, কৃষি অনুষদের শিক্ষার্থী এইচ এম মোবাশ্বির, পশুপালন অনুষদের শিক্ষার্থী নাবিলা জালাল নূহা, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান শিক্ষার্থী এস এম রায়হান, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থী মোঃ আব্দুল মোতালেব এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী অভিজিৎ বসু। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে।